ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি চলছে, আজ মিলছে ২৬ মে’র আসন
- আপডেট সময় : ০২:৫৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 178

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার চতুর্থ দিনের মতো ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ উপলক্ষে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে।
আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।























