‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
- আপডেট সময় : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 245

নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়। মূল লক্ষ্য ছিল সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।
আইএসপিআর জানায়, ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা এবং প্রতিকূল পরিবেশে কার্যকর থাকার সক্ষমতা আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে। আধুনিক নেভিগেশন ব্যবস্থা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
এই সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ক্ষেপণাস্ত্র প্রকল্পে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবার প্রশংসা করেছেন।
এর আগে দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়। সেই পরীক্ষাতেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া গত মাসে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজবিধ্বংসী আকাশভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির দাবি, এই ক্ষেপণাস্ত্র সমুদ্রপথে দূর থেকে শত্রুপক্ষ শনাক্ত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।























