অবশেষে চালুর পথে ছয় শিশু হাসপাতাল, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 90

দেশে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত আধুনিক এসব হাসপাতাল ভবন বহুদিন ধরে ব্যবহার না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়।
গত ১২ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব হাসপাতাল ভবন বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এর পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর ব্যবস্থা নিতে বলেন।
এছাড়া আগামী ২ জুনের মধ্যে নির্দেশনার অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে। বর্তমানে এটি আংশিকভাবে চালু রয়েছে।
এছাড়া রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।
এদিকে নীলফামারীতে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাসপাতালটি সদর উপজেলায় নির্মিত হবে এবং এটি দেশের উত্তরাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করবে।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, রংপুর বিভাগে প্রায় দুই কোটি মানুষের জন্য স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে। নতুন এই হাসপাতাল চালু হলে এটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে এবং জটিল রোগের চিকিৎসা সহজতর হবে।























