বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, মাসে ১০ হাজার টাকা ভাতা
- আপডেট সময় : ০৪:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 32

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট দুজন ইন্টার্ন নেওয়া হবে। নির্বাচিতরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।
ইন্টার্নশিপের বিষয়
পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা সমমানের ডিগ্রি রয়েছে—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বিষয়ে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন
ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে হাতে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা:
বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।
যেসব শর্ত মানতে হবে
১. ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে।
২. একজন প্রার্থী জীবনে একবারই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
৩. বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এই আবেদন প্রযোজ্য হবে না।
৪. কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
৫. ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হবে না। তবে ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে।



























