বিদেশি শিক্ষার্থী ও বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ
- আপডেট সময় : ০৭:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 29

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আরও সহজে বাংলাদেশে আসতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিমণ্ডলে সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দিতে হবে।
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। পাশাপাশি উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার আরও বাড়াতে হবে।
কিউএস র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গবেষণার পরিধি ও মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সংযুক্ত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করছেন। বিদেশে থাকা এসব মেধাবীকে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের রয়েছে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।























