লটারির মাধ্যমে ইউনিয়ন পরিষদ সচিবদের পদায়ন, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ ঢাকা জেলা প্রশাসনের
- আপডেট সময় : ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 29

ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ পদ্ধতির মাধ্যমে ব্যক্তিগত তদবির ও প্রভাবমুক্ত বদলি প্রক্রিয়া বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে সচিবের অনুমোদিত পদ রয়েছে ৬২টি। বর্তমানে কর্মরত আছেন ৫৭ জন এবং ৫টি পদ শূন্য রয়েছে।
কর্মরত সচিবদের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশগ্রহণ করেন। এছাড়া আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় ৭ জনকে অন্য উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয় এবং তাদের নতুন কর্মস্থলও লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসন আরও জানায়, কর্মরত বাকি ৫ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। অপর একজনকে প্রশাসনিক কারণে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বদলি কার্যক্রমে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ বন্ধ করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছভাবে লটারির আয়োজন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি কার্যক্রম নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমেও কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের সুযোগ রাখা হয়নি।
তিনি আরও বলেন, ‘লটারির মাধ্যমে পদায়নের ফলে সবাই সমান সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ উদ্যোগ অব্যাহত রাখবে।’























