দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ
- আপডেট সময় : ০৪:৪০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 18

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
এদিকে রাজধানী ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায়। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।























