তৃণমূলের সুপ্ত মেধা খুঁজতে আসছে ‘প্রতিভার সন্ধানে’, শুরু হচ্ছে জাতীয় টিভি রিয়েলিটি শো
- আপডেট সময় : ০৪:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 11

দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা ও ব্যতিক্রমী প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিশেষ টিভি রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। প্রচলিত গান, নাচ কিংবা কমেডিভিত্তিক প্রতিযোগিতার বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে এক মঞ্চে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই রিয়েলিটি শোতে ঐতিহ্যবাহী লোকশিল্প, লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, অ্যাক্রোবেটিক্স, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্টসহ আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং অন্যান্য ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকবে।
এক বছরব্যাপী এই আয়োজনের মোট ৫২টি পর্ব থাকবে, যার প্রতিটি ৪৫ থেকে ৬০ মিনিট দৈর্ঘ্যের হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমে ডিজিটাল রেজিস্ট্রেশন ও অনলাইন আবেদনের মাধ্যমে অডিশন নেওয়া হবে। এরপর দেশের আটটি বিভাগে সরাসরি বিভাগীয় অডিশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে স্টুডিও অডিশন, নকআউট পর্ব, সেমিফাইনাল এবং দর্শক ভোটের সমন্বয়ে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের সংগীত, নৃত্য ও অভিনয় অঙ্গনের তিনজন কিংবদন্তি ব্যক্তিত্ব বিচারকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুইজন জনপ্রিয় উপস্থাপক প্রতিযোগীদের নেপথ্যের গল্প ও ব্যাকস্টেজ তুলে ধরবেন।
রিয়েলিটি শোটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘রেড বাটন’, যার মাধ্যমে বিচারকরা দুর্বল পরিবেশনা তাৎক্ষণিকভাবে থামিয়ে দিতে পারবেন। এছাড়া অসাধারণ পারফরম্যান্সের জন্য থাকবে ‘গোল্ডেন বাটন’, যা প্রতিযোগীকে সরাসরি দুই ধাপ এগিয়ে দেবে। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’-এর আদলে বিশ্বমানের সেট, লাইটিং এবং সিনেমাটিক ব্যাকস্টোরি ব্যবহার করে প্রতিযোগীদের সংগ্রাম ও সাফল্যের গল্পও তুলে ধরা হবে।
এই আয়োজন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিভাবান মানুষ উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে আড়ালেই থেকে যান। ‘প্রতিভার সন্ধানে’ সেই মেধাবীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় উদ্যোগ।
তিনি আরও বলেন, এই আয়োজন শুধু শিল্প-সংস্কৃতির বিকাশ নয়, বরং প্রতিভাবানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও তৈরি করবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার তরুণদের মেধার যথাযথ মূল্যায়ন এবং তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘প্রতিভার সন্ধানে’ কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং দেশের প্রান্তিক পর্যায়ের মেধাবীদের সামনে এগিয়ে নেওয়ার একটি জাতীয় উদ্যোগ।
তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন দেশের হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রতিভা আবিষ্কার এবং তরুণদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























