প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন ডিএসসিসি প্রশাসক
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 23

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, পুনর্বাসন ও উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। তাই তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপি সবসময় গুরুত্ব দিয়েছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীও প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও দেখাশোনার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষেরও। সবাই সম্মিলিতভাবে পাশে দাঁড়ালে তারা আর পিছিয়ে থাকবে না।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও মেধা ও দক্ষতা রয়েছে। শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। যেকোনো প্রয়োজন বা সমস্যায় তারা ডিএসসিসির সহযোগিতা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।























