বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ, আন্তঃমন্ত্রণালয় সভায় ত্রাণে স্বচ্ছতার ওপর জোর
- আপডেট সময় : ০৫:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 20

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবকাঠামো পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভার শুরুতে তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে হবে। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অন্যান্য অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে।
এদিকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি করা প্রয়োজন, যাতে ত্রাণ বিতরণ আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা যায়। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


























