আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে ফিরতে শিক্ষামন্ত্রীর আহ্বান, ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের ঘোষণা
- আপডেট সময় : ০৫:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 59

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেসব পরীক্ষাকেন্দ্রে ত্রুটি বা সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সম্প্রতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সংসদে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্র পরিচালনায় যেসব স্থানে কোনো ধরনের ভুল বা প্রশাসনিক ত্রুটি হয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করা হবে।
তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষা স্থগিত না করার বিষয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আবহাওয়া অনুকূলে থাকবে বলে তথ্য পাওয়া গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের পরিবর্তে তারা যেন পড়াশোনায় মনোযোগ দেন এবং পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখেন।






















