সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৪:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 46

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অতিবৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১০ জুলাই) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ দিনও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার (১১ জুলাই) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা ভারি বর্ষণের কারণে দেশের নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






















