প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 39

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বছরে একটি করে গাছ লাগালে যেমন গাছটি ধীরে ধীরে বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে। এভাবেই প্রকৃতির সঙ্গে মানুষের একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে।
তিনি আরও বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তান যেমন বেড়ে উঠবে, তেমনি গাছটিও বড় হবে। ভবিষ্যতে সেই গাছ পরিবারের স্মৃতি ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের একটি ঐতিহাসিক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই চারাগুলো থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে আগত মানুষের জন্য ছায়া দিচ্ছে।
তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। তাই সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















