দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
- আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 3

আগামী ১৮ জুন ২০২৬ থেকে সারা দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’র উদ্বোধনী কার্যক্রম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৮ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত দেশব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রী জানান, গত ২৩ মে ২০২৬ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন। সেই ঘোষণা বাস্তবায়নে মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও নির্ধারিত উপজেলায় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য চলতি অর্থবছরেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল বর্ষ উদযাপনে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় কমিটি গঠন, অফিসিয়াল লোগো ও পোস্টার প্রকাশ, বিশেষ ক্যালেন্ডার ও স্মারক ডাকটিকিট প্রকাশ, নজরুল বিষয়ক গবেষণা ও আর্কাইভ উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দূতাবাসগুলোর মাধ্যমে নজরুলের কর্ম ও দর্শন ছড়িয়ে দেওয়া।
মন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এ আয়োজনকে সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।






















