দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা
- আপডেট সময় : ০৬:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 3

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছাড়েন বলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ২০২৪ সালের ৪ মে রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাইয়ের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
তদন্ত ও পরবর্তী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সাধারণ যাত্রীদের জন্য থাকা নিরাপত্তা তল্লাশির একাধিক ধাপ এড়িয়ে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি নির্বিঘ্নে বিমানবন্দরের প্রক্রিয়া সম্পন্ন করেন।
শুক্রবার (১২ জুন) দুবাইয়ে তার গ্রেফতারের খবর সামনে আসার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
দুদক ২০২৪ সালের ১৮ এপ্রিল বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে। এর পরপরই তিনি দেশ ত্যাগ করেন। ফুটেজে দেখা যায়, রাতে বিমানবন্দরে ইউনিফর্ম ও সাদা পোশাকধারী একাধিক পুলিশ সদস্য তাকে ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপয়েন্ট পার হতে সহায়তা করেন।
ফুটেজ বিশ্লেষণে আরও দেখা যায়, আনসার সদস্যের সাধারণ শারীরিক তল্লাশিও তার ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়নি। এরপর তিনি প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট ও লাগেজ গ্রহণ করেন এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন।
পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।






















