“এক ইঞ্চি জমিও ফাঁকা নয়”: উৎপাদন বাড়াতে কঠোর অবস্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 126

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কোনো এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে—সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রতিটি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো এবং জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
সোমবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, কৃষিজমি, জলাশয়সহ সব ধরনের উৎপাদনযোগ্য সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে দেশের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের পুষ্টিচাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পেয়ে ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাছচাষ সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব বোঝাবে এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলবে।
সরকার কৃষক ও মৎস্যচাষিদের উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন কৃষিযন্ত্র, হারভেস্টিং ও প্লান্টিং মেশিন বিনামূল্যে বিতরণ করছে বলেও জানান তিনি। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে ব্যাপকভাবে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি চলমান রয়েছে।
এ ছাড়া দেশীয় কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। উন্নতমানের পোনা উৎপাদন ও তা জলাশয়ে অবমুক্ত করার মাধ্যমে বাজারে দেশীয় মাছের প্রাপ্যতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।























