ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়ে কটাক্ষের জবাব কঙ্গনা রানাউতের, নেটদুনিয়ায় আলোচনা তুঙ্গে
- আপডেট সময় : ০৪:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 114

বলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টবাদী ও ‘ঠোঁটকাটা’ মন্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের কারণে বিতর্কে জড়ালেও নিজের অবস্থানে অনড় থাকেন এই অভিনেত্রী।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি ও লুক নিয়ে কিছু নেটিজেনের নেতিবাচক মন্তব্যের জবাবে সরব হন কঙ্গনা। সাবেক বিশ্বসুন্দরীর পাশে দাঁড়িয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন।
পোস্টে কঙ্গনা বলেন, ফ্যাশন ও স্টাইল মানুষের আত্মপ্রকাশের মাধ্যম। এটি একজন ব্যক্তির জীবনদর্শন ও মানসিকতার প্রতিফলন। একজন নারী কখনোই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নন।
তিনি আরও বলেন, ঐশ্বরিয়াকে দারুণ লাগছে এবং যারা তার লুক নিয়ে সমালোচনা করছেন, তারা আগে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। কঙ্গনার মতে, ঐশ্বরিয়া কাউকে খুশি করতে কানের লালগালিচায় যাননি, তিনি নিজের জায়গা থেকে অনন্য।
নেটিজেনদের একাংশ যখন ঐশ্বরিয়াকে ‘বডি শেমিং’ করে সমালোচনা করেন, তখন কঙ্গনার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নারীবিদ্বেষী ও বয়সভিত্তিক কটাক্ষের বিরুদ্ধেও তিনি অবস্থান নেন।
উল্লেখ্য, কান উৎসবে একাধিক লুকে হাজির হয়ে নজর কাড়েন ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অংশ নেওয়া এই অভিনেত্রী সাদা ‘সোয়ান লুক’-এ বিশেষভাবে আলোচনায় আসেন। তার সঙ্গে এবারের কানে প্রথমবারের মতো দেখা যায় তার কন্যা আরাধ্যাকে।



























