ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু, তবে ছুটি মিলছে না যেসব খাতের কর্মীদের
- আপডেট সময় : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 130

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দীর্ঘ এই ছুটিকে ঘিরে ইতোমধ্যে বাড়ি ফেরা শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন শহরের মানুষ। তবে ঈদের এই আনন্দঘন সময়েও গুরুত্বপূর্ণ সেবা সচল রাখতে অনেক সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে নিরবচ্ছিন্নভাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি নাগরিক সেবা চালু রাখতে কয়েকটি খাতকে সাধারণ ছুটির বাইরে রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা নিয়মিত দায়িত্বে থাকবেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির আওতায় থাকছে না।
এ ছাড়া দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পরিবহন ব্যবস্থাও চালু থাকবে।
ঈদের ছুটির মধ্যেও দেশের হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার। ফলে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতের কর্মীরা ছুটি পাচ্ছেন না। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীদেরও দায়িত্ব পালন করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি রাষ্ট্রীয় কাজে নিয়োজিত অন্যান্য অফিসও এই ছুটির আওতার বাইরে থাকবে।
ব্যাংকিং খাতে গ্রাহকদের লেনদেন ও এটিএম সেবা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে বিচারিক কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা জারি করবে।
এ ছাড়া তৈরি পোশাক শিল্পসহ বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রহণ করবে।
উল্লেখ্য, ঈদের ছুটি টানা করার লক্ষ্যে সরকার ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে গত ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখে। ফলে আজ অফিস শেষ হওয়ার পর থেকেই কার্যত দেশজুড়ে ঈদের ছুটির আমেজ শুরু হয়েছে।























