অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম
- আপডেট সময় : ০৩:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 206

সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের একাধিক ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে।
স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।”
তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোর প্রবণতা আওয়ামী লীগের পুনরুত্থানের একটি বড় কারণ। তার মতে, স্বাধীনতার বিরোধী শক্তির সঙ্গে ‘২৪ কে ‘৭১ এর বিরুদ্ধে দাঁড় করানোই রাজনৈতিক সংকট তৈরি করেছে।
অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়েও তিনি সমালোচনা করেন। মাহফুজ আলম লেখেন, সরকার রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলানির্ভর হয়ে পড়েছে এবং একটি ‘কিচেন ক্যাবিনেট’ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ বা প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত ছিলেন।
তিনি আরও দাবি করেন, দেশে উগ্রবাদের উত্থান, মাজারে হামলা, এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় নীরবতা আওয়ামী লীগের জন্য পুনরায় রাজনৈতিক সুযোগ তৈরি করেছে।
ছাত্র আন্দোলনের রূপান্তর নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনের বিপ্লবী সম্ভাবনা হারিয়ে তা বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়।
বিচার ও সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও সংস্কার প্রক্রিয়া আমলাতন্ত্র ও স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে চলে গেছে বলেও অভিযোগ করেন।
স্ট্যাটাসের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, আওয়ামী লীগ ফিরবে—এমন সমালোচনার দায় তার ওপর চাপানো হচ্ছে, তবে বিষয়টি নিয়ে তিনি বিদ্রূপ করেন।
























