রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 129

বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান এবং আন্তর্জাতিক তহবিলে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের জীবনমান উন্নয়ন কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে। তাই রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই সংকট সমাধানের মূল পথ হিসেবে বিবেচনা করতে হবে।
বৈঠকে বৈশ্বিক বিভিন্ন সংকট যেমন গাজা পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মনোযোগ থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে এ ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান।
ইউএনএইচসিআর প্রতিনিধিরা আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






















