১৫০ স্কুলে ৩০০ স্মার্ট ক্লাসরুম, প্রযুক্তিনির্ভর শিক্ষায় বড় উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 60

মাধ্যমিক শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দেশের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত একটি প্রকল্পের আওতায় ১৫০টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০টি নতুন স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। চীন সরকারের আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় এটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় বিদ্যমান ৩০০টি ক্লাসরুম সংস্কারের পাশাপাশি রেকর্ডিং রুম, মিটিং রুম এবং একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তিনির্ভর এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৫ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ে দুটি করে ইন্টারেক্টিভ শিক্ষা প্যানেল স্থাপন করা হবে। এসব স্মার্ট ক্লাসরুমে স্বয়ংক্রিয় রেকর্ডিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের পাঠ সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পারবে। এছাড়া কিউআর কোডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই পাঠ্যবস্তু সংগ্রহ করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের শিক্ষা খাতে ডিজিটাল বৈষম্য কমাতে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের অংশ হিসেবে ১০টি আধুনিক রেকর্ডিং স্টুডিও, ৩০টি মিটিং রুম এবং একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপন করা হবে, যা সারা দেশের স্মার্ট শিক্ষাব্যবস্থাকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করবে।
বর্তমানে প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরবর্তীতে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের অনুমোদনের পর বাস্তবায়নের কাজ শুরু হবে।
এদিকে, পরীক্ষামূলকভাবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড ও ট্যাবভিত্তিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা মুখস্থ নির্ভরতার বাইরে এসে বিশ্লেষণধর্মী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হয়ে উঠবে।






















