ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট–সুনামগঞ্জসহ নতুন করে বন্যার শঙ্কা
- আপডেট সময় : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 197

ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ইতোমধ্যে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। আগামী তিন দিনে অতিভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় আরও চার জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।
শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এ তথ্য জানায়।
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং অভ্যন্তরীণ হাওর এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়াগত তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
এ পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে আরও বাড়বে বলে জানানো হয়েছে। তৃতীয় দিনের দিকে কুশিয়ারা নদীর কিছু অংশে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
নেত্রকোনার ভুগাই–কংস ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকলেও ওই জেলার হাওর সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়। পাশাপাশি ধনু–বাউলাই নদীর পানি বাড়তে পারে এবং খালিয়াজুড়ি পয়েন্টে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানিও আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি এবং হবিগঞ্জে নতুন করে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।





















