৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 24

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় তা চলমান রয়েছে।
তিনি জানান, সরকারের স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখননের কাজ সম্পন্ন করবে।
এছাড়া আগামী পাঁচ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম আরও বিস্তৃত করে ২০ হাজার কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কারের পরিকল্পনা রয়েছে।
গাইবান্ধা জেলায় স্থানীয় সরকার বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইতোমধ্যে তিনটি খালের কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে।
























