লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
- আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 222

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত থেকে তাকে জীবনরক্ষাকারী সহায়তায় রাখা হয়েছে। তবে রোববার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।
কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, মেয়েকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বলেও জানান।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারিনার শারীরিক জটিলতা হঠাৎ করেই বেড়ে যায়। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। একপর্যায়ে তার রক্তচাপও কমে যায়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গেছে, আগে থেকেই তার যকৃতজনিত সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ রোগে আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকেরা।
শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে জীবনরক্ষাকারী সহায়তায় নেওয়া হয়।






















