অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ
- আপডেট সময় : ০৫:২৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 5

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। অস্ট্রেলিয়াগামীদের ভিসা-সংক্রান্ত পরামর্শের জন্য দেশটিতে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এক বার্তায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এ সতর্কতা জারি করে।
বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে কিছু ভুয়া মাইগ্রেশন এজেন্ট। এ ধরনের প্রতারণা এড়াতে ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সহযোগিতা নেওয়া নিরাপদ।
হাইকমিশন জানায়, নিবন্ধিত অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। পাশাপাশি তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড পূরণ করতে হয়।
নিবন্ধিত এজেন্টরা তাদের সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেন। একই সঙ্গে কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে, তা গ্রাহককে লিখিতভাবে জানাতে হয়। ভিসা আবেদনের ফলাফল সম্পর্কেও আবেদনকারীকে যত দ্রুত সম্ভব অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম ও সেবাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের ভুয়া এজেন্টের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি ভিসা প্রক্রিয়ায় অর্থ লেনদেন ও ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে এজেন্টের নিবন্ধন ও পরিচয় যাচাই করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।






















