ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন
- আপডেট সময় : ০৬:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 1

বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। প্রতারকরা নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক সতর্কবার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, কিছু প্রতারক ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।
এ ধরনের ফোনকল, বার্তা বা প্রলোভনের মুখে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
কোনো ব্যক্তি যদি এমন প্রতারণার শিকার হন বা সন্দেহজনক যোগাযোগ পান, তাহলে দ্রুত বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানাতে বলা হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
এছাড়া সাধারণ মানুষকে নিজে সচেতন থাকার পাশাপাশি পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যেও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।























