সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তে এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে
- আপডেট সময় : ০৪:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 20

ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তে সরকারি হাসপাতালগুলোতে এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, বিনামূল্যে এনএস১ পরীক্ষার সুবিধা চালু থাকায় ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত করা সহজ হবে এবং রোগীদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এটি সহায়ক ভূমিকা রাখবে।
























