ঈদের আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবি দোকান মালিক সমিতির
- আপডেট সময় : ০৬:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 150

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও বিপণি বিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর চিঠি দিয়েছে।
চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমান সময়ে ব্যবসায়িক মন্দা এবং বিদ্যুৎ সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা চাপে রয়েছেন। বিদ্যমান সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখতে হচ্ছে, যা ব্যবসায়িকভাবে ক্ষতির কারণ হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে আলোচনা শেষে ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় মেনে চলছেন। তবে ঈদের আগে বিক্রি বাড়ানোর স্বার্থে সময় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়।
এছাড়া বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা এখনো চলমান থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
সমিতির পক্ষ থেকে বলা হয়, ঈদুল আজহায় সাধারণত বেচাকেনা বৃদ্ধি পায়। তাই দোকান খোলা রাখার সময় বাড়ালে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে তারা জানিয়েছেন, সময় বাড়ানোর সুযোগ দেওয়া হলে ঈদের পর ৭ দিন মার্কেট বন্ধ রাখার বিষয়ে তারা প্রস্তুত।

















