মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে জনজীবন ও কৃষিতে ক্ষতি
- আপডেট সময় : ০৭:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 90

তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন চরম ভোগান্তিতে ছিল, তখন দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। এতে কিছু এলাকায় স্বস্তি ফিরলেও কৃষিখাতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা দিয়েছে।
এ অবস্থার মধ্যেই মে মাসে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র তাপপ্রবাহও হতে পারে। একই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোর পানি কিছু সময়ের জন্য বেড়ে যেতে পারে।
সব মিলিয়ে মে মাসে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতিতে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ—সব ধরনের চরম আবহাওয়ার ঝুঁকি থাকছে বলে সতর্ক করেছে সংস্থাটি।





















