ভুয়া তাপমাত্রা সতর্কবার্তা ছড়াচ্ছে, ফায়ার সার্ভিসের স্পষ্ট অস্বীকার
- আপডেট সময় : ০৫:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 172

উচ্চ তাপমাত্রা ও এ সংক্রান্ত করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তার সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে একটি বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে এই বার্তাটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাধারণ মানুষকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না যেতে এবং তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওই পোস্টে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের নামে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়।
তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব তথ্যের কোনো সত্যতা নেই এবং এ ধরনের বার্তার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
















