নতুন শিক্ষা কারিকুলামে সমতা নিশ্চিত হবে, ২-৩ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 108

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামে কোনো ধরনের বৈষম্য বা ভেদাভেদ থাকবে না এবং এতে সমান মান নিশ্চিত করা হবে। তিনি জানান, নতুন কারিকুলাম উন্নয়নে সরকার নতুনভাবে কাজ করছে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থাকে আরও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পূর্ণ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলে তিনি জানান। প্রশিক্ষণ সম্পন্ন ও উত্তীর্ণ হওয়ার পরই শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নীতিমালা একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে এবং শিক্ষকদের পূর্ণ মনিটরিংয়ের আওতায় আনার কাজ চলছে।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে স্বাধীনতা ও সাম্প্রতিক সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে পরিবেশনা উপস্থাপন করা হয়।





















