চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে
- আপডেট সময় : ০৬:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 134

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হলেও শনিবার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগ এবং ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমান চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ দেন। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে নেওয়া হয়। পরবর্তীতে একই উদ্দেশ্যে ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করা হয়।
এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে অতিরিক্ত অর্থও পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত কোনো অর্থ ফেরত দেননি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেখিয়ে পরে হুমকি দেওয়া শুরু করেন। তার অভিযোগ, মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।






















