আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার, সেনেগালের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মতি
- আপডেট সময় : ১১:৩০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 145

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও সেনেগাল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াং-এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণকে স্বাগত জানান এবং প্রতিমন্ত্রীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের পক্ষ থেকে ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সেনেগাল সফরের বিষয়টি স্মরণ করা হয়, যা ছিল কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সেনেগাল সফর।
দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে দ্রুত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাণিজ্য কমিশন গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তি খাতে দেশের সক্ষমতা তুলে ধরা হয়। এছাড়া কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়েছে।
সেনেগালের মন্ত্রী আফ্রিকায় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন এবং বহুপক্ষীয় ফোরামে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দুই দেশ রাজধানীতে কূটনৈতিক মিশন স্থাপনের সম্ভাবনাও আলোচনা করেছে।
বৈঠকের শেষে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি নীতিগতভাবে তা গ্রহণ করেন।
















