ঝুঁকিপূর্ণ স্টান্টে তিনবার মৃত্যুর মুখে পড়েছিলেন অক্ষয় কুমার
- আপডেট সময় : ০২:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 9

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা Akshay Kumar সম্প্রতি তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে আলোচনায় রয়েছেন। সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ভূমিকা গাব্বি, রাজপাল যাদব, মিথিলা পালাকার ও পরেশ রাওয়ালের মতো তারকারা।
অ্যাকশনধর্মী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা অক্ষয় কুমার নিজের স্টান্ট নিজেই করার জন্য পরিচিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুটিং করতে গিয়ে তিনবার মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
প্রথম ঘটনার কথা বলতে গিয়ে তিনি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সৈনিক’ সিনেমার একটি দৃশ্যের কথা উল্লেখ করেন। সেখানে তাকে একটি তার ধরে এক ভবন থেকে আরেক ভবনে যেতে হয়েছিল। মাঝপথে হাত দুর্বল হয়ে পড়ায় তিনি পড়ে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা পান।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ সিনেমার শুটিংয়ে। একটি দৃশ্যে নৌকা থেকে ঝুলে থাকার সময় হঠাৎ সামনে দ্রুতগতিতে আরেকটি নৌযান চলে আসায় তার শরীর গুরুতরভাবে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে সেদিনও তিনি বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান।
তৃতীয়বার বিপদের মুখে পড়েন ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমার শুটিংয়ে। সেখানে একটি হেলিকপ্টার থেকে গরম বায়ুর বেলুনে নামার সময় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, যা তার জন্য প্রাণঘাতী হতে পারত।
অক্ষয় কুমার এখনও বেশিরভাগ স্টান্ট নিজেই করেন। এসব ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সময়ের সঙ্গে তার পরিবারও বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। তবে তার এই সাহসী মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

























