বিরতির পর আবারও শুরু সৃজনের সাপ্তাহিক পাঠচক্র, জমজমাট সাহিত্য আড্ডা
- আপডেট সময় : ০৬:৪৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 14

রাজধানীর মিরপুর-১১ নম্বরে অবস্থিত সৃজনের কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সৃজন আয়োজিত সাপ্তাহিক পাঠচক্র। কিছুদিনের বিরতির পর আবারও শুরু হওয়া এ আয়োজনকে ঘিরে কবি, সাহিত্যিক, গবেষক ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।
অনুষ্ঠানের শুরুতে সৃজন থেকে প্রকাশিত গবেষক, গল্পকার ও কবি আনোয়ারুল হকের গল্পগ্রন্থ ‘অসুখ গভীর গভীরতর’ নিয়ে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসার। তিনি বলেন, বইটির গল্পগুলো জীবনের এবং সমাজের নানা নেতিবাচক বাস্তবতাকে ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে। আলোচনায় তিনি বইয়ের কয়েকটি গল্পের উদাহরণ উপস্থাপন করলে উপস্থিত শ্রোতারা তা আগ্রহভরে উপভোগ করেন।
পরে লেখক আনোয়ারুল হক নিজের গল্প লেখার অনুপ্রেরণা ও ভাবনার উৎস সম্পর্কে কথা বলেন। তিনি জানান, কোনো অপরাধের জন্য কেবল একজন ব্যক্তিকে দায়ী করার পরিবর্তে তিনি গল্পে তুলে ধরতে চান সেই সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতা, যা একজন মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। তার মতে, এই দৃষ্টিভঙ্গিই গল্পকে আরও গভীর সামাজিক তাৎপর্য দেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি তৌহিদ আহাম্মেদ লিখনের একক স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। তার কবিতা পাঠের পর কবি আকেল হায়দার, কবি ও সম্পাদক জুননু রাইন, কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসার, গবেষক আনোয়ারুল হক, কবি ও শিল্পী দেওয়ান আতিকুল রহমান এবং কবি-প্রাবন্ধিক ওয়াহিদ জামান লিখনের কবিতা নিয়ে নিজেদের মূল্যায়ন ও মতামত তুলে ধরেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন, কবি ও পাখি বিশেষজ্ঞ শেখ আহমেদ ফরহাদ, গবেষক ও ফটোসাংবাদিক সুদীপ্ত সালাম, সাংবাদিক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম, অডিও-ভিজ্যুয়াল বিশেষজ্ঞ আবু নাঈম ত্রিদিব, লেখক ও অনুবাদক মেজবাহ উদ্দিনসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।
আলোচনায় সমকালীন সাহিত্যচর্চার ধারা, ভাষার পরিবর্তন, সমাজবাস্তবতা এবং সাহিত্যিক দায়বদ্ধতার বিভিন্ন দিক উঠে আসে। দিন শেষে কবিতা, গল্প ও গানের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অংশগ্রহণকারীদের মতে, সৃজনের এই পাঠচক্র শুধু একটি সাপ্তাহিক সাহিত্য আয়োজন নয়, বরং সৃষ্টিশীল মানুষের ভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের এক আন্তরিক মিলনমঞ্চ।























