রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর পথচারীদের চলাচলে কতটা সুবিধা হয়েছে, তা জানতে চান প্রধানমন্ত্রী। বর্তমানে ফুটপাত দিয়ে হাঁটার সময় কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কি না, সে বিষয়েও তাঁদের কাছে জানতে চান তিনি। এ ছাড়া রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা নিয়েও খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা জরুরি।