
চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘কারিগরি দলগুলোর’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (২৯ জুন) দোহার রাজধানী কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হতে পারে—এমন সংবাদ প্রকাশের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে তেহরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কাতারের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক আলোচনা এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী বা কারিগরি দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে খবর কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় শর্ত পূরণ, আলোচনার সময়সূচি এবং স্থান চূড়ান্ত হওয়ার পরই কেবল দুই দেশের নির্ধারিত কার্যনির্বাহী দলের মধ্যে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ ও আলোচনা এখনও চলমান রয়েছে।
এর আগে কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠক নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও, ইরানের সর্বশেষ অবস্থান অনুযায়ী এ সপ্তাহে এমন কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেই।
সূত্র: আল জাজিরা।