
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৫ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন। সব মিলিয়ে একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জন।
এ পর্যন্ত মোট ৮১ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।