
রাজধানীর প্রধান বাসস্ট্যান্ডগুলো পর্যায়ক্রমে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তর করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ ও অবকাঠামো মানসম্মত নয়। যাত্রীসেবার মান বাড়াতে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছু পরিবর্তন দৃশ্যমান হবে।
তিনি জানান, সোহাগ ও গ্রীন লাইনের মতো উন্নতমানের এসি বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভালো পরিবেশ, আধুনিক অপেক্ষাকক্ষ ও টয়লেট সুবিধা নিশ্চিত করলেও অধিকাংশ বাসস্ট্যান্ডে এখনো সেই মানের পরিবেশ গড়ে ওঠেনি।
শেখ রবিউল আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বাস কোম্পানিগুলো যেভাবে নিজেদের ইচ্ছামতো যাত্রী ওঠানামার স্থান তৈরি করেছে, ভবিষ্যতে সেই ব্যবস্থা আর থাকবে না। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্ধারিত টার্মিনাল ও স্ট্যান্ড থেকেই যাত্রী ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, রাজধানীর যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে বড় বাসস্ট্যান্ডগুলো শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।