
জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এর ফলে অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন অথবা শর্তসাপেক্ষে বৈধভাবে জর্ডানে কাজ চালিয়ে যেতে পারবেন।
বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় প্রবাসী শ্রমিকরা তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পাবেন। গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। পাশাপাশি যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গেছেন, তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
দূতাবাস আরও জানায়, এই সুযোগ গ্রহণ করতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।