
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভুয়া ‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে।
সোমবার বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ‘স্পিডিং ফাইন বকেয়া’ বা ‘জরিমানা পরিশোধ করুন’ ধরনের বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার সঙ্গে ভুয়া ওয়েবসাইটের লিংক যুক্ত করা হচ্ছে, যা দেখতে বিআরটিএ সার্ভিস পোর্টালের মতো হলেও প্রকৃতপক্ষে সেগুলোর সঙ্গে সরকারি পোর্টালের কোনো সম্পর্ক নেই।
বিআরটিএ জানিয়েছে, এসব ওয়েবসাইট সম্পূর্ণ প্রতারণামূলক। তাই কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটকে জানাতে বলা হয়েছে।
অন্যদিকে, ডিএমপিও জানিয়েছে যে ট্রাফিক বিভাগের নামে পাঠানো জরিমানার খুদে বার্তাগুলো ভুয়া ও বিভ্রান্তিকর। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক জরিমানার নামে যেসব এসএমএস ছড়ানো হচ্ছে, তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই।
ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চিঠি নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়। এছাড়া প্রয়োজন হলে শুধুমাত্র নির্ধারিত সরকারি নম্বর থেকেই এসএমএস পাঠানো হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, ট্রাফিক জরিমানার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বৈধভাবে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ট্রাফিক বিভাগ ব্যাংক অ্যাকাউন্টের পিন, পাসওয়ার্ড বা ওটিপি চায় না।
সঠিক তথ্যের জন্য নির্ধারিত সরকারি নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।