
দীর্ঘ সময় একটানা গণপরিবহণ চালানোর কারণে চালকদের মধ্যে ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অবস্থায় নির্ধারিত কর্মঘণ্টা মেনে গাড়ি চালানোর জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
শনিবার বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আইন অনুযায়ী কোনো চালক টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। বিশ্রামের পর সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে।
বিআরটিএ জানায়, একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।
সংস্থাটি আরও জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে মোটরযান মালিক ও চালকদের অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের নিবন্ধন বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।