
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে হাতে পেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে ভবিষ্যতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সব প্রমাণ নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চার্জশিট দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে। সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে গুরুত্বসহকারে কাজ করছে বলেও জানান তিনি।
উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিচারিক আদালতের রায়ের পর মামলার কাগজপত্র প্রস্তুতে দীর্ঘ সময় লাগে। এই প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সরকার কাজ করছে।
গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথমে অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়, পরে মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে আদালতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।