
পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইউনিসেফ। সংস্থাটি ভবিষ্যতেও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউনিসেফের চিফ অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট ক্রমেই প্রকট হচ্ছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। এ সময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের বিপুল জনগোষ্ঠী এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।