
মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার। এদিন সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন, ফ্যাক্স নম্বর অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে সৌদি আরব ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।