
দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং এতে শিশু মৃত্যুর ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং এসব ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত হওয়া প্রয়োজন। হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
স্বাস্থ্য সচিব আরও বলেন, প্রত্যেকটি ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।