
ভারত ও চীনে কোটি কোটি ফুটবলপ্রেমী থাকলেও আসন্ন ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে এখনো অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুই দেশেই এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় তৈরি হয়েছে অচলাবস্থা।
চীনে এখনো কোনো সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়নি। অথচ ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে খেলা দেখার মোট সময়ের প্রায় অর্ধেকের কাছাকাছি ছিল চীনা দর্শকদের। একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রেও।
ফিফা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৭৫টি অঞ্চলের সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে চীন ও ভারতের বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, এই দুই বড় বাজারের সঙ্গে চুক্তি না হওয়া অস্বাভাবিক। কারণ আগের বিশ্বকাপ আসরগুলোতে বিশেষ করে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম অনেক আগেই সম্প্রচার স্বত্ব নিশ্চিত করে প্রচার শুরু করেছিল।
আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত চুক্তি চূড়ান্ত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি থাকায় সম্প্রচার প্রস্তুতি ও বিজ্ঞাপন বাজার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।