
সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। তবে তিনি দুঃখ প্রকাশ করে জানান, বিভিন্ন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সত্য প্রকাশে তাদের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্য প্রবাহে স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।