
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামী পাঁচদিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। থেমে থেমে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন এসেছে।
আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনেও দেশের প্রায় সব বিভাগেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও চলাচলে সমস্যা দেখা দিতে পারে।