
আগামী সপ্তাহের মধ্যেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে যে লোডশেডিং প্রায় ১৫০০ মেগাওয়াট রয়েছে, তা কমে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াটে নেমে আসবে।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি তেল আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়েছে। পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে সরকার কাজ করছে। এই বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিদ্যুৎ খাতে বিভিন্ন অনিয়ম ও অপচয়মূলক প্রকল্প নেওয়া হয়েছিল।
বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তার মতে, ভবিষ্যতে সোলার সিস্টেম আরও বেশি করে বেসরকারি খাতে উন্মুক্ত করা হবে।